
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা (জেলা গোয়েন্দা শাখা) ডিবি পুলিশ ।
এ সময় তাদের কাছ থেকে ১ টি কাঠের বাট যুক্ত সচল ৯.৫ ইঞ্চি ওয়ান শুটার গান, ৫ ইঞ্চি লম্বা বাটের ভিতর ১ রাউন্ড গুলি ভর্তি ছিল, ১৫ ইঞ্চি লম্বা ১ টি কাঠের বাটযুক্ত এলজি, ২ রাউন্ড কার্তুজ গুলি, ১টি কাঠের বাট যুক্ত ছোরা, ১৭.৫ ইঞ্চি লম্বা ১ টি কাঠের বাটযুক্ত ছোরা, ১২ ইঞ্চি লম্বা ১ টি ষ্টীলের বাট যুক্ত ষ্টীলের ছোরা, ৯ ইঞ্চি লম্বা ১টি কাঠের বাট যুক্ত ছোরা উদ্ধার করেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ভোররাতে সদর উপজেলার নোয়াপাড়া সাকিনস্থ ধান গবেষনা অফিসের পশ্চিম পাশের সাতরা রাস্তার দক্ষিন পাশে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি দল।
আটক হওয়া ডাকাতরা হলেন, কুমিল্লা সদরের শালধর গ্রামের বাদু মিয়ার বাড়ির মৃত. আব্দুল মনসুরের মোঃ মনির হোসেন (২৭), আড়াইওড়া গ্রামের ফারুক মিয়ার বাড়ির আসলাম মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৩), রাজগঞ্জ এলাকার রাজ বাড়ির তাজুল ইসলামের ছেলে মোঃ আহসান হাবিব ফুয়াদ (২০), উত্তর চর্থা এলাকার আহম্মদের মোঃ মেহেদী হাসান বাবু (২০), পুরান চৌধুরী পাড়া এলাকার সরকার হাউজের মৃত. আঃ জলিলের ছেলে মোঃ জহির (২০) এবং উত্তর চর্থা এলাকার সালাহ উদ্দিনের বাড়ির মিলন মিয়ার ছেলে মোঃ মাইন উদ্দিন (২২) ।
এ বিষয়ে কুমিল্লা (জেলা গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি অস্ত্র মামলা কোতয়ালি মডেল থানায় দায়ের করা হয়েছে।

















































