
কুমিল্লা মুরাদনগরের পাঁচকিত্তা বাহেরচর গ্রামের আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় নির্যাতনের পরিকল্পনাকারি ও ভিডিও ধারণকারি গ্রুপের মূলহোতা গ্রেফতার শাহপরানের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক আসামি শাহপরানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদনগর থানায় ভুক্তভোগী নারীর দায়ের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার শাহপরানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার শুনানির দিন ধার্য ছিল। আদালতের বিচারক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর দায়ের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিকের তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৮ জুলাই) আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। আজ বুধবার শুনানি শেষে এই মামলার অন্যতম আসামি শাহপরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে এসে পাশবিক নির্যাতনের শিকার হোন। ওই রাতে স্থানীয় যুবক শাহ পরানের নেতৃত্বে আরো কতিপয় লোক ওই নারীর ঘরে ঢুকে তাকে ও তাঁর সঙ্গে থাকা একই গ্রামের ফজর আলী নামের এক যুবককে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন করে এবং তাদের জোরপূর্বক বিবস্ত্র করার দৃশ্য ভিডিও ধারণ করে তা দুই দফা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন। ওই ঘটনার পাঁচদিনের মাথায় মুরাদনগরের বাহেরচর গ্রামে নানারকম বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে ভুক্তভোগী ওই নারী তার দুই শিশু সন্তান ও বাবা-মাকে নিয়ে অন্যত্র চলে যান। তবে থানা পুলিশের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন।

















































