মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে চেক পোস্টে সন্ত্রাসী হামলা: নিহত ৭ সৈন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২৪

পাকিস্তানে চেক পোস্টেপাকিস্তানে চেক পোস্টে সন্ত্রাসী হামলা: নিহত ৭ সৈন্য

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা চেক পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন সৈন্য নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে কালাত জেলার জোহান এলাকায় একটি চেক পোস্টে ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড ব্যবহার করে সন্ত্রাসীরা হামলা চালায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেক পোস্টে হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়। তবে এ সময় সাতজন সৈন্য প্রাণ হারান।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা চেক পোস্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলির লড়াই চলার পর আরও একটি সেনা দল ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করে।

কালাতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ জানিয়েছেন, হামলায় প্রায় তিন ডজন সন্ত্রাসী অংশ নিয়েছিল।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী জোহান ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বেলুচিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রদেশের শান্তি ও উন্নয়নের শত্রু। তিনি নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি