যুদ্ধবিদ্ধস্ত ইরাকে দারিদ্র্যের ছোবল স্বল্প আয়ের পরিবারগুলোর জীবনকে অসহনীয় করে তুলেছে। দরিদ্র পরিবার ক্ষুধা মেটাতে শরীরের অঙ্গ বিক্রি করতেও পিছপা হচ্ছে না।
বাগদাদের পূর্বাঞ্চলে আলী হোসেনের বাস। ৪ সন্তানের দুঃখি পরিবার। বাবা হৃদরোগে ভুগছে। মা বাড়িতে কাজ করে সংসার চালান। কিন্তু সংসার তো চলে না, প্রায়ই থেমে থাকে। খাবারের জন্য হোসেন দিনমজুরি থেকে টোকাইয়ের কাজও করেছেন। কিন্তু তাতে ৬ সদস্যের পরিবার একেবারেই অচল। ছেলেদের দিয়ে রাস্তা থেকে রুটির অংশ বিশেষ কুড়িয়ে খাওয়ার কাজ চালাতে থাকেন কোনও রকম। ক্লান্ত হোসেন অবশেষে ঠিক করলেন নিজের কিডনি বিক্রি করার।
এক কিডনি ব্যবসায়ীর কাছে গেলেন, ডাক্তারি সব পরীক্ষা করে দেখা গেল শারীরিভাবে তিনি সুস্থ না থাকায় তার কিডনি নেওয়া যাবে না। হতাশ হোসেন আরও কঠিন সিদ্ধান্ত নিলেন। নিজের ৯ বছরের সন্তানের কিডনি বিক্রি করবেন। আলী হোসেন বলেন, ‘ভিক্ষা ছাড়া বেঁচে থাকার জন্য আমরা সবই করতে প্রস্তুত।’
ইরাকে ৩ কোটি জনগণ দারিদ্র্যসীমার নিচে। মধ্যপ্রাচ্যে কিডনি পাচারের জন্য ইরাক একটি বড় ব্যবসায়ীক পথ। কিডনি ব্যবসায়ীরা প্রতি কিডনির জন্য ১০ হাজার ডলার (প্রায় ৮ লাখ টাকা) দেয়।
কিডনি ও অন্যান্য শারীরিক অঙ্গ পাচার ঠেকাতে ২০১২ সালে ইরাকে শরীরের অঙ্গ দানের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়ম করা হয় যাতে আত্মীয় স্বজন ছাড়া অন্য কারো কাছ থেকে কিডনি বা শরীরের অন্যান্য অঙ্গ নেওয়া যাবে না। কিন্তু প্রয়োজন তো আইন মানে না, তাই অপরিচিত কাউকে আত্মীয় বলে কিডনি বেচাকিনি চলছে ।



















































