বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাষার জন্য আত্মত্যাগ: ১৯৫২-এর দুর্নিবার আলোক শিখা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০২৬

জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে, যখন একটি জাতি তার নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন তেমনই এক সময়—যেখানে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম ও ত্যাগ -তীতিক্ষা বাঙালির আত্মমর্যাদা ও জাতীয়তাবাদের ভিত্তিকে আরো সুদৃঢ় করে তোলে।আর এই আন্দোলনের মাধ্যমেই প্রস্ফুটিত হয়েছে ভাষা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি ইতিহাস-সংস্কৃতি ও স্বাধীন চিন্তা -চেতনার প্রাণস্পন্দন।

ঐতিহাসিক প্রেক্ষাপট: মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্র গঠিত হয়, যেখানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুটি অংশ ছিল। পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অসন্তোষ জন্ম নেয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবি জোরদার হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে পাকিস্তানের এক অধিবেশনে তৎকালীন বিখ্যাত রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত বলেন , “দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা, তাই বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে
স্বীকৃতি দেওয়া উচিত।”
ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাব পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ এবং প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান-এর সামনে উপস্থাপন করা হলে মোহাম্মদ আলি জিন্নাহ বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
এই সিদ্ধান্ত পূর্ব বাংলার মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করে।

এর পর পরই সাংস্কৃতিক উদ্যোগ নেন তমুদ্দুন মজলিসের অধ্যাপক ড. আবুল কাসেম, যারা ‘রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু?’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করে জনমত গড়ে তোলেন। ধীরেন্দ্রনাথ দত্ত ও তমুদ্দুন মজলিসের উদ্যোগে ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে সভা, মিছিল ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন শুরু করেন।এইভাবেই মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামটি ধীরে ধীরে আরো বেগমান হয়।

২১ শে ফেব্রুয়ারি ১৯৫২: রক্তে রঞ্জিত ইতিহাস

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাভাষীর ইতিহাসে অবিস্মরণীয় ও রক্তঝরা দিন হিসেবে লিপিবদ্ধ।পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলার ভাষা দাবিকে উপেক্ষা করায় তখনকার শিক্ষার্থী ও সাধারণ জনগণ প্রতিবাদে রাজপথে নামে।এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ পূর্ববাংলার নানান শ্রেণি – পেশার মানুষ পাকিস্তান সরকার কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা আইন ভঙ্গ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, যাতে লেখা ছিল “বাংলা রাষ্ট্রভাষা চাই”। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীরা বাধার মুখোমুখি হয়এবং পুলিশ কাঁদানে গ্যাস,নিক্ষেপ, লাঠিচার্জ করে। শেষপর্যন্ত সরাসরি গুলি চালিয়ে মিছিলে বাধা দেয়। গুলিতে সালাম, রফিক, বরকত, শফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে শহিদ হন। তাঁদের রক্তে রণ্ঞ্জিত হয় রাজপথ। এরফলে বাংলার তরুণ সমাজ আরো উত্তাল হয়ে উঠে এবং শহিদদের স্মরণে রাতারাতি ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহিদ মিনার স্থাপন করেন। যা বর্তমানে কেন্দ্রীয় শহিদ মিনার নামে পরিচিত।

১৯৫২–১৯৫৬: শহিদদের আত্মত্যাগের পর আন্দোলনের নতুন পদযাত্রা

শহীদদের আত্মত্যাগের পর আন্দোলন এক নতুন মাত্রা পায়। শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ আরও একত্রিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা শিক্ষার প্রসার, সাহিত্যচর্চা ও নাট্যকলার মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষার জনমত তৈরি হয়।
১৯৫৪ সালের জাতীয় নির্বাচন পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোকে বিজয়ী করে। তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আরও জোরদার করে।
১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, যা ভাষা আন্দোলনের একটি বড় অর্জন।

ভাষা আন্দোলনের আন্তজার্তিক মর্যাদা : বিশ্বমঞ্চে স্বীকৃত

১৯৫২ এর ভাষা আন্দোলন কেবল বাংলাদেশে নয়, বিশ্ব দরবারে মাতৃভাষার মর্যাদার প্রতীক হিসেবে স্বীকৃত। ১৯৯৯ সালে ইউনেসকো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।এটি দেখিয়েছে যে সাহস, ঐক্য এবং আত্মত্যাগের মাধ্যমে একটি ভাষার মর্যাদা কেবল জাতীয় নয়, বরং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হতে পারে। তাই আজও প্রতিটি দেশভিত্তিক নানান উৎসব ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এই দিবস উদযাপিত হয়।

ভাষা আন্দোলনের তাৎপর্য: মাতৃভাষার মর্যাদা ও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক

ভাষা আন্দোলন ছিল শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই নয় বরং এটি জাতির অহংকার, সাংস্কৃতিক চেতনা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী প্রতীক। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ মানুষ প্রমাণ করেছিল যে সংগঠিত ও সৎভাবে লড়াই করলে জনগণ নিজ ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে সর্বদা প্রস্তুত।শহিদদের আত্মত্যাগ দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই মাতৃভাষার মর্যাদা, সংস্কৃতি এবং নাগরিক অধিকারের জন্য একত্রিত হয়েছে।এই আন্দোলনের প্রভাব কেবল দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিকভাবে এটি মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। একুশে ফেব্রুয়ারি প্রমাণ করে যে সাহস, ঐক্য ও আত্মত্যাগের মাধ্যমে ভাষার জন্য সংগ্রাম কেবল স্থানীয় নয়, বরং বিশ্বব্যাপী মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক হতে পারে।

পরিশেষে বলা যায় যে, একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে যে, এই সংগ্রাম কেবল ভাষার জন্য লড়াই নয়,এটি সাহস, ঐক্য এবং আত্মত্যাগের ধারক ও বাহক। শহিদদের এই আত্মত্যাগ প্রমাণ করেযে, জনগণ একত্রিত হয়ে জাতি, সংস্কৃতি ও মানবিক অধিকার রক্ষা করতে পারে। শহিদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজও আমাদের স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার মর্যাদা অটুট রাখার গুরুত্ব। এই আলোকশিখা চিরকাল বাংলাভাষী ও বিশ্বের সর্বস্তরের মানুষের জন্য এক দুর্নিবার আলোক শিখা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি