আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
বোর্ড কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন।
জানা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলায় ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১৪ হাজার ১৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৫৬ জন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৮৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুর জেলায় ৪৫টি কেন্দ্রে ২৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৩টি কেন্দ্রে ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৬৯১ জন এবং নোয়াখালী জেলায় ৪৩টি কেন্দ্রে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ২৩৫ শিক্ষার্থী অংশ নেবে। এছাড়া ফেনী জেলায় ২১টি কেন্দ্রে ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৩১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানায়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানায়, প্রত্যন্ত এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। শহরের তুলনায় গ্রাম এলাকায় ঝরে পড়ার হার বেশি। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন। ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝরে পড়া রোধে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়ক শিক্ষা কার্যক্রম চালু করা যেতে পারে।

















































