সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাংলাওয়াশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৫

5545644545

ডেস্ক রিপোর্টঃ

মূল সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ জিতে বাংলাদেশকে এক রকম অশনি সংকেতই দিয়েছিল জিম্বাবুয়ে। তবে মূল খেলায় টাইগারদের কাছে পাত্তাই পেল না সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ ও ৫৮ রানে পরাজিত করে টানা পঞ্চম সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬১ রানে পরাজিত করে আরেকটি ‘বাংলাওয়াশ’ করার স্বাদ পেল টাইগাররা। ১১ নভেম্বর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, আজকের এই দিনে যে টিম বাংলাদেশ ১১তম হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। ৭৩ রান করা তামিম ইকবালের হাতে উঠেছে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর তিন ম্যাচে একটি শতকসহ ৫২ গড়ে ১৫৬ রান করা মুশফিকুর রহিম হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়।

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজের প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন চামু চিবাবা। তবে ‘প্রতিশোধ’ নিতে দেরি করেননি বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার। পরের বলেই পরিষ্কার বোল্ড করে চিবাবাকে সাজঘরে পাঠান এই বাঁহাতি পেসার। এরপর আরও ‘ভয়ঙ্কার’ হয়ে ওঠেন তিনি। নিজের চতুর্থ ওভারে সফরকারীদের আরেক ওপেনার রিজিস চাকাভাকেও মাঠ-ছাড়া করেছেন মুস্তাফিজ।

ইনিংসের নবম ওভারে নাসিরকে আক্রমণে আনেন মাশরাফি। আর নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই দলকে সফলতা এনে দেন নাসির। ২১ রান করা ক্রেইগ আরভিনকে এলবিডব্লিউ করেন এই অফ স্পিনার। ফলে ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও এল্টন চিগুম্বুরা মিলে প্রতিরোধ গড়ে তোলেন। বার বার বোলার পরিবর্তন করেও যখন সফলতা আসছিল না, তখন সাব্বির রহমানের হাতে বল তুলে দেন মাশরাফি। আর নিজের দ্বিতীয় ওভারেই চিগুম্বুরাকে (৪৫) ফিরিয়ে ৮০ রানের জুটি ভাঙেন সাব্বির। জিম্বাবুইয়ান অধিনায়ককে বোল্ড করেন এই লেগ স্পিনার।

চিগুম্বুরা আউট হওয়ার পর উইলিয়ামস অবশ্য লড়াই চালিয়ে যান আরও বেশ কিছুক্ষণ। পঞ্চম উইকেটে ম্যালকম ওয়ালারকে সঙ্গে নিয়ে ৫৯ রানের আরেক ভালো জুটি গড়েন তিনি। তবে পরপর দুই ওভারে দুজনকেই আউট করেন আল-আমিন ও মাশরাফি। ৩২ রান করে আল-আমিনের বলে নাসিরকে ক্যাচ দেন ওয়ালার। মাশরাফি ফেরান ৬৪ রান করা উইলিয়ামসকে।

এরপর মুস্তাফিজের তোপে জিম্বাবুয়ে বেশিক্ষণ টিকতে পারেনি। সিকান্দার রাজা (৯) আর লুক জংউইকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুস্তাফিজ। গ্রেম ক্রেমার তা ঠেকিয়ে দিলেও তিনাশে পানিয়াঙ্গারার (৩) ফিরতি ক্যাচ নিয়ে তৃতীয়বারের মতো ম্যাচে পাঁচ উইকেট শিকারের আনন্দে মেতে ওঠেছে এই প্রতিভাবান পেসার। আর ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে মুজারাবানিকে ফিরতি ক্যাচ বানিয়ে হোয়াইটওয়াশের শেষ কাজটা সারেন আরাফাত সানি। ফলে ২১৫ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ছাড়া দলনায়ক মাশরাফি, নাসির, আল-আমিন, সাব্বির ও সানি ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে তামিম ও ইমরুল ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ে তিনশ’র বেশি সংগ্রহের স্বপ্নই দেখিয়েছিলেন। তবে মাঝে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোয় সে স্বপ্ন আর পূরণ হয়নি। তবে মাহমুদুল্লাহর দারুণ ব্যাটিংয়ে শেষপর্যন্ত ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টানা দুই ম্যাচে ফিফটি করা ইমরুল ও সিরিজে প্রথম ফিফটির দেখা পাওয়া তামিম- দুজনের ব্যাট থেকেই রান আসে ৭৩ করে। ৯৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ইনিংসটি সাজান ইমরুল। তামিমের ৯৮ বলে করা ৭৩ রানের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা মার। আর মাহমুদুল্লাহ ৪০ বলে ৫টি চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মুশফিকুর রহিম ২৮ ও লিটন দাস ১৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। জিম্বাবুয়ের পক্ষে লুক জংউই ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নেন।

তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেলে বাংলাদেশের ক্ষতি ​হতো না। কারণ, সিরিজ আগেই জিতেছিল টাইগাররা। কিন্তু হেরে গেলে মহামূল্যবান দুটো রেটিং পয়েন্ট হারিয়ে ফেলত বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মাধ্যমে বাংলাদেশ অর্জন করল ১ পয়েন্ট। আরও এক​টু এগিয়ে গেল র‍্যাঙ্কিংয়ে।

২০০৫-০৬ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্ব প্রথম হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল। এরপর ২০০৬ সালে সেই কেনিয়ার বিপক্ষে তাদের মাটিতেই দেখা মিলেছিল আরেকটি হোয়াইটওয়াশ। এরপর ২০০৬-০৭ মৌসুমে জিম্বাবুয়েকে ৫ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে আউট করে স্বাগতিক বাংলাদেশ উপভোগ করেছিল তৃতীয় হোয়াইটওয়াশ করার আনন্দ। সময়ের পরিক্রমায় এরপর একে একে স্কটল্যান্ড (১ বার), আয়ারল্যান্ড (১ বার), ওয়েস্ট ইন্ডিজ (১ বার), নিউজিল্যান্ড (২ বার) ও পাকিস্তানকে (১ বার) বাংলাওয়াশ করেছে টাইগাররা। আর বুধবার তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে এই লজ্জায় রাঙিয়েছে টাইগাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি