শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জামদানি মোটিফ পোশাকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

1484024534

ডেস্ক রিপোর্টঃ

শিল্পের ভিতরের যে ঐশ্বর্য ছড়িয়ে আছে আমাদের ঐতিহ্যে, তার ধারক হয়ে আজও জনপ্রিয়তায় অনন্য হয়ে আছে জামদানি বয়ন। একসময় মসলিনের পরিপূরক হয়ে আমাদের ফ্যাশন ঐতিহ্যে বসতি গড়েছিল জামদানি। ক্রমেই তা বাংলার তাঁতিদের আপন মমতায় আর সুনিপুণ দক্ষতায় হয়ে ওঠে ঐতিহ্যের পাশাপাশি আভিজাত্যের পোশাক। এই জামদানি শুধু এখন শাড়িতেই সীমাবদ্ধ নয়; বর্তমানে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এমনকি হোম টেক্সটাইলেও জনপ্রিয় অধ্যায় হিসেবে ব্যবহূত হচ্ছে। পোশাকে জামদানির মোটিফের ব্যবহার নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী।

প্রাচীনকাল থেকেই বাংলার মসলিন ও জামদানি সৌন্দর্য ও শিল্প-নৈপুণ্যে অনবদ্য। ৩০০ খ্রিষ্টাব্দে প্রাচীন ভারতীয় মনীষী কৌটিল্য তার অর্থশাস্ত্র বইতে উল্লেখ করেছেন, বঙ্গ ও পুণ্ড্রবর্ধন মানে উত্তরবঙ্গে একধরনের সূক্ষ্ম-বস্ত্র বয়ন করা হয়। গ্রিক ইতিহাসবিদ পেরিপ্লাসের বইয়ে আছে, বঙ্গ থেকে আরব, চীনা ও ইতালীয় বণিকরা চার ধরনের সূক্ষ্ম-বস্ত্র ইউরোপে নিয়ে আসেন। এই সূক্ষ্ম-বস্ত্রগুলোর নাম ছিল ক্ষৌম, দুকুল, পত্ররনা ও কার্পাস। এর মধ্যে দুকুলকে ইতিহাসবিদরা মসলিন ও জামদানির আদিরূপ বলে চিহ্নিত করেছেন। প্রাচীন গ্রিস ও রোমে এই কাপড়ের জনপ্রিয়তা ছিল মূলত ধনী অভিজাতদের মধ্যে। জামদানি মোটিফের সংরক্ষণ ও তার চারিত্রিক বৈশিষ্ট্য, গঠন, আকৃতিগত সাদৃশ্য, পরিবর্তনের ধারাবাহিকতা, শুদ্ধতা নিরূপণ এবং সংরক্ষণ ও আন্তরিক পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেকোনো ঐতিহ্যগত সাংস্কৃতিক বিষয় দীর্ঘদিন ধরে নানাবিধ কারণ ও অজ্ঞতার অনাকাঙ্ক্ষিত প্রয়োগে যদি পরিবর্তনের ধারায় নিমজ্জিত হয়, তখন সময়ের পালাবদলে একদিন ঐতিহ্য, শিল্প, সংস্কৃৃতি লোকজ মোটিফ তার শুদ্ধতা হারায়। নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ও শুদ্ধতা এক অনিশ্চয়তার মুখোমুখি অনিবার্য ধ্বংসের সীমায় ক্রমে উপনীত হয়, যা অন্য বিষয় ও বৈশিষ্ট্যের প্রভাবে এর নতুন রূপান্তরে নিজেকে চিহ্নিত করে। ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়ন শিল্প হিসেবে প্রাচ্যের বয়নশিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিফ। এই মোটিফে খুব সহজেই কাপড়ের ভিতর ছায়ার মাঝে তৈরি করা যায় নকশার প্রতিবিম্ব। মোটিভগুলো জ্যামিতিক আইন অনুসরণ করলেও তা শুধুমাত্র রেখা, চারকোনা কিংবা ত্রিভুজ নয়; বরং তা দিয়ে ফুল, লতা-পাতা থেকে শুরু করে ফুটে ওঠে নানা রকম ডিজাইন বিন্যাস।

ঢাকার রূপগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের প্রায় দেড় শতাধিক গ্রামে এই শিল্পের বর্তমান নিবাস। অথচ এর যাত্রা শুরু হয়েছিল প্রাচীনকালে। এটি মূলত বাংলার ঐতিহ্যের ধারক মসলিনের একধরনের প্রজাতি। তবে এর পাড় ও জমিনে অপেক্ষাকৃত মোটা সুতোয় বুননের মাধ্যমে ডিজাইন ফুটিয়ে তোলা হয়। বর্তমানে বয়ন ধারায় জামদানি শাড়িতে সবচেয়ে বেশি আধিপত্য করলেও মোগল আমলে তা ব্যবহৃত হতো ‘আঙরাখা’ নামক বিশেষ পোশাক প্রস্তুতে। মূলত সেই সময়েই ইউরোপে জামদানির পৃষ্ঠপোষকতা শুরু হয়। পরবর্তীতে ইউরোপে গজ কাপড় হিসেবে জামদানি বুননের জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় শুধু গজ কাপড় হিসেবে বোনা হলেও পরবর্তীতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে জামদানি শাড়িতে। বর্তমানে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া এমনকি হোম টেক্সটাইলেও জামদানি জনপ্রিয়। যা আমাদের জন্য ইতিবাচক বলা যায়। আমাদের দেশীয় ফ্যাশনে এর ব্যবহার আরও বাড়াতে হবে। তবে মনে রাখতে হবে, জামদানির স্বকীয় বৈশিষ্ট্যে বিধি বহির্ভূত আবেগতাড়িত সিদ্ধান্তে অনাধিকার চর্চা থেকে যেন সবাই বিরত থাকে। বয়ন শিল্পের হাজার বছরের বিশ্বব্যাপী ইতিহাসে জামদানি তার স্বকীয় বৈশিষ্ট্যে চিরদিন আলোকিত হয়েই থাকবে। এই গৌরব আমাদের পূর্বপুরুষের অর্জন। যা আমরা আজ উত্তরাধিকার সূত্রে পেয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি