ডেস্ক রিপোর্ট:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, পুলিশ পরিচয় দিয়ে নারী শিক্ষার্থীকে মোটরসাইকেলে ওঠতে বলতেন মো. শাকিল আহমেদ রুবেল। তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রথমে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন। এর পর তার সঙ্গে অশালীন আচরণ করতেন শাকিল।
পুলিশ আরও জানায়, শাকিল কমপক্ষে দেড় হাজার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ছিনতাইয়ের পর অন্তত ৫০ শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। শাকিলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া মেয়ে শিক্ষার্থীরা।
রাজধানীর কল্যাণপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর দিয়াবাড়ীতে নিয়ে যান হোতা মো. শাকিল আহমেদ রুবেল। পরে সেখানে তাকে ছিনতাই করার পর অশালীন আচরণ করতে চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় একব্যক্তি দেকে ফেললে তিনি পুলিশে খবর দেয়।
এর পর মূল অভিযুক্তসহ চার জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো.শাকিল আহম্মেদ রুবেল, মো. আকাশ শেখ, দেলোয়ার হোসেন ও মো.হাবিবুর রহমান।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি ওয়ারলেস সেট, ২টি পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাবির ঐ শিক্ষার্থীকে তুলে নিয়ে ছিনতাইয়ের আগে সে গত ১২ আগস্ট উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে। সেই মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাবির ঐ শিক্ষার্থীকে অপহরণ করে দিয়াবাড়ীতে নিয়ে ছিনতাই করে।
প্রধান বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি রুবেলের বাড়ি গাজীপুর। তবে আরও ২টি ঠিকানা পাওয়া গেছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি। রুবেল ঢাকায় কোনো বাসা ভাড়া নেয়নি।
তিনি রাজধানীর বিভিন্ন হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করতো। তারপর মোটরসাইকেল ছিনতাই কিংবা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে এসব ঘটনা ঘটাতো।
তিনি বলেন, রুবেলকে জিজ্ঞাসাবাদে জানায়, তিনি এখন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে এক হাজার ৫০০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে ছিনতাইয়ের পর ৫০ মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছেন। ছিনতাইয়ের পর মেয়েদের সঙ্গে তিনি অশালীন আচরণ করতো এই জন্য যে তারা যেন পরে লোকলজ্জার ভয়ে কোনো কথা না বলে বা অভিযোগ না করে।’
























































