মঙ্গলবার,১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ক্যাম্পাসের ব্যস্ততা পেরিয়ে ঈদের ছুটিতে কুবি শিক্ষার্থীদের বাড়ি ফেরার আনন্দ


ক্যাম্পাসের ব্যস্ততা পেরিয়ে ঈদের ছুটিতে কুবি শিক্ষার্থীদের বাড়ি ফেরার আনন্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০২৬

জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

ঈদের ছুটি মানেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুভূতি।রোজার বেশিরভাগ সময়টাই তাদের কেটে যায় ক্লাস, টিউশন ইত্যাদি নানান ব্যস্ততায়। এই ব্যস্ততার মাঝেওএই ব্যস্ততার মাঝেও তাদের মনটা অপেক্ষা করে থাকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার।এছাড়াও অনেক শিক্ষার্থীর জন্য এই ঈদে থাকে নিজের টাকায় শপিং করার নতুন অভিজ্ঞতা যা ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে।আর এই অনুভূতিগুলোই কুবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে।

লোকপ্রশাসন বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মোরসালিনা আক্তার মুনতাহা বলেন, “রোজার বেশিরভাগ সময়টাই কেটেছে ক্যাম্পাসে ক্লাস, টিউশন, ইফতার আয়োজন আর পড়াশোনার ব্যস্ততায়। সেই ছুটোছুটির পর যখন বাড়ি ফিরলাম, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে, মনে হলো যেন ঈদের আগেই আরেকটা ঈদ পেয়ে গেছি।বাড়িতে সবার সঙ্গে ইফতার করা, সেহেরি খাওয়া আর মাকে কাজে সাহায্য করার মধ্যেই অন্যরকম শান্তি—পরিবার যেন সব ক্লান্তি দূর করে দেয়। নিজের টাকায় শপিং করে মা আর ছোট বোনের জন্য উপহার কিনতে পারাটাও ভীষণ ভালো লাগছে, এটা যেন দায়িত্ব আর ভালোবাসার প্রকাশ।

ক্যাম্পাসের রুটিনভরা জীবনের তুলনায় এখন সময় কাটছে পরিবারের সঙ্গে, আনন্দ আর প্রস্তুতিতে। যদিও ব্যস্ততা আছে—ঘর সাজানো, রান্নার পরিকল্পনা, চাঁদ রাতের আয়োজন, সালামির হিসাব—তবুও এই ব্যস্ততাটা অনেক বেশি আনন্দের।সব মিলিয়ে, বাড়ি ফেরার আনন্দ সত্যিই যেন দ্বিগুণ হয়ে গেছে।”

পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী, সিফাতুল্লাহ মুমিন বলেন, “ঈদের আনন্দ যেন দিন দিন আমাদের মাঝ থেকে কিছুটা হারিয়ে যাচ্ছে—এটা সত্যিই কষ্টের। শহরে ক্যাম্পাস জীবনে ক্লাস, টিউশন, মেসের ঝামেলা, ঠিকমতো খাওয়া না হওয়া—সব মিলিয়ে দিনগুলো অনেক সময়ই কষ্টের হয়ে ওঠে। তবে ঈদের ছুটিতে বাড়ি ফিরে সেই ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, কষ্ট কমে—আর সেই স্বস্তিই ঈদের আনন্দকে দ্বিগুণ করে তোলে। নিজের টাকায় শপিং করা প্রতিটি ছেলেরই এক ধরনের স্বপ্ন। নিজের জন্য কেনার পাশাপাশি বাবা-মা, ভাই-বোনের জন্য কিছু কিনতে পারা—এটা শুধু আনন্দই নয়, বরং স্বাবলম্বী হওয়ার এক গভীর তৃপ্তি। আগে যখন নিজের আয় ছিল না, তখন শপিংয়ের জন্য বাবার উপর নির্ভর করতে হতো, আর তাঁর মুখের চিন্তার রেখাগুলো কষ্ট দিত। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

ক্যাম্পাস জীবনের শুরুটা যতটা রঙিন, সময়ের সঙ্গে সঙ্গে অনেকের কাছেই তা কিছুটা একঘেয়ে হয়ে ওঠে। পড়াশোনার চাপ, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে এক ধরনের ক্লান্তি তৈরি হয়। এই ব্যস্ততা আর বিরক্তি থেকে কিছুটা দূরে সরে, বাড়িতে এসে শান্তিতে ঘুমানো এবং কিছু সময়ের জন্য সবকিছু থেকে মুক্ত থাকা—এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। তবে এই বিরতিটা দীর্ঘ না হয়ে স্বল্প সময়ের হলে তবেই তার আসল আনন্দ থাকে। জীবনের এই ছোট ছোট বিরতিগুলোই মানুষকে নতুন করে শক্তি জোগায়”।

গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী আনিকা ইসলাম সুমাইয়া বলেন, “ক্যাম্পাসের ব্যস্ততায় এবারের রোজার দিনগুলো বেশ অন্যরকম কেটেছে। বন্ধুদের সঙ্গে ইফতার, তারাবির নামাজ আর রাত জেগে পড়াশোনা—সব মিলিয়ে সময়টা এক অদ্ভুত মায়ায় ঢাকা ছিল। তবে দিনশেষে মন পড়ে থাকত বাড়িতে। তাই সব ব্যস্ততা একপাশে সরিয়ে যখন বাড়ির পথে রওনা দিলাম, মনে হচ্ছিল এক বিশাল প্রশান্তি ফিরে পেয়েছি। পরিবারের সঙ্গে চিরচেনা ডাইনিং টেবিলে বসে ইফতার করা আর মা-বাবার হাসিমুখ দেখা—এই আনন্দের কাছে ক্যাম্পাসের সব ক্লান্তি নিমিষেই ধুয়ে গেছে। সব মিলিয়ে এবারের ঈদ যেন শিকড়ে ফেরার এক পরম পাওয়া।

নিজের উপার্জনের টাকায় প্রথম শপিং করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা শুধু কিছু জামাকাপড় কেনা নয়, বরং আত্মনির্ভরশীলতার এক বড় প্রমাণ। ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে শপিংয়ে যাওয়া, আর এখন নিজের জমানো টাকায় তাঁদের জন্য এবং নিজের জন্য পছন্দের জিনিস কেনা—এই পরিবর্তনের মধ্যেই এক অদ্ভুত গর্ব আর তৃপ্তি কাজ করে। নিজের সামর্থ্যে প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর আনন্দ—এটাই সবচেয়ে মূল্যবান।ক্যাম্পাসের জীবন যেখানে ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আর সময়ের সঙ্গে দৌড়ের মধ্যে আবদ্ধ, সেখানে প্রতিটি মুহূর্তই ছিল হিসেব করা। আর এখনকার সময়টা একেবারেই ভিন্ন—কোনো ডেডলাইনের চাপ নেই, নেই সকালের ক্লাসে যাওয়ার তাড়া। এই ভারমুক্ত সময়টুকুই যেন ঈদের আসল আনন্দকে আরও গভীর করে তুলেছে।”

গণিত বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী মো.শরিফুল আলম বিজয় বলেন,”রোজার বেশিরভাগ সময় ক্যাম্পাসে কাটানোটা একাডেমিক ব্যস্ততার মাঝেও ভিন্ন এক অভিজ্ঞতা ছিল। সারাদিন রোজা রেখে ক্লাস, টিউশন আর বন্ধুদের সঙ্গে ইফতার—সব মিলিয়ে সময়টা দ্রুত কেটেছে। ইফতারের পর ক্যাম্পাসের শীতল হাওয়ায় বন্ধুদের সঙ্গে হাঁটতে বের হলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত, মনে হতো ক্যাম্পাসেও যেন আরেকটি পরিবার আছে।তবে সব ব্যস্ততা শেষে পরিবারের কাছে ফিরে আসার মধ্যে আলাদা শান্তি আছে। মনে হয়, আসল ঈদের আনন্দ পরিবারের সঙ্গেই। এখানে নেই ক্লাস বা টিউশনের চাপ—শুধু একসঙ্গে সময় কাটানো আর ইবাদতের সুযোগ, যা ক্যাম্পাসে অনেক সময় মিস হয়ে যেত।

ঈদে বাড়িতে আসার সবচেয়ে ভালো দিক হলো নিজের উপার্জনের টাকায় বাবা-মা ও ভাই-বোনদের জন্য শপিং করা। এতে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে—নিজের দায়িত্ব নিজে নেওয়ার আনন্দ, ছোট জিনিসেও বড় অর্জনের অনুভূতি।
ক্যাম্পাসের ব্যস্ত জীবনের বিপরীতে এখন সময় কাটছে শান্তভাবে—পরিবারের সঙ্গে গল্প, কাজে সাহায্য আর একসঙ্গে খাওয়ার মধ্যে। আগে সময় দ্রুত কেটে যেত, এখন সেই সময়টাকে উপভোগ করার সুযোগ পাচ্ছি।”

পরিশেষে বলা যায়, ক্যাম্পাসের সকল ব্যস্ততার মাঝেই ঈদের ছুটিতে বাড়ি যাওয়া, নিজের উপার্জনের টাকায় পরিবারের মানুষের মুখে হাসি ফোটানো ইত্যাদি সত্যিকার অর্থেই ভালোলাগার বিষয়।যা কুবি শিক্ষার্থীদের মনেও আনন্দের খোরাক জাগায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি