শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ক্লু-লেছ হত্যা মামলার রহস্য উদঘাটন, র‌্যাবের অভিযানে আটক মূল আসামী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে জাফরাবাদ (মনিপুর) গ্রামস্থ তুলাগাঁও টু জাফরাবাদ (মনিপুর) যাওয়ার রাস্তার পাশে সরকারি খালের পানিতে একজন পুরুষের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে। নিহত লোকটি দেবিদ্বারের তুলাগাঁও (পাহাড়ী বাড়ি) গ্রামের মৃত হারেছ মিয়ার ছেলে মোঃ ইউনুছ (৩৯)। পরবর্তীতে ১৮ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বিষয়টি নজরে আসলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায় যে, মোঃ ইউনুছ পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক ছিল। সে ১৭ অক্টোবর দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বিকাল আনুমানিক সাড়ে ৪টায় তার পরিবারের সাথে সর্বশেষ কথা হয়। রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজনের মাধ্যমে লাশ পাওয়ার বিষয়টি জানতে পারে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ২১ অক্টোবর গোয়েন্দা কার্যক্রম ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের সাথে তুলাগাঁও গ্রামের মোঃ সোলায়মান হোসেনের (৫৫) যোগাযোগ ছিল বলে জানতে পারে।তবে পরিবার নিহতের সাথে কারো কোন বিরোধ বা হত্যাকান্ডে কারো সম্পৃক্ততা থাকার বিষয়ে তাদের কোন ধারনা নেই বলে জানায়। সোলায়মান হোসেন পেশায় একজন কৃষক হলেও সাপধরা তার অন্যতম পেশা এমনকি নেশা বলেও জানা যায়।

এমতাবস্থায় প্রাথমিক অনুসন্ধানের জন্য সোলায়মান হোসেনের বাড়িতে গেলে তার পরিবার জানায় যে, সোলায়মান হোসেন তার মেয়ের বাড়ি মেহেরপুরে গেছে। পরবর্তীতে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর রাত ৩ টায় সোলায়মান হোসেনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় নিয়ে আসা হয়।

বিস্তারিত জিজ্ঞাসাবাদে সোলায়মান হোসেন জানায় যে, নিহত মোঃ ইউনুছ তার পরিবারের মহিলা সদস্যদের উত্যক্ত করত এবং নানা ধরনের কু-প্রস্তাব দিত। বিষয়টি তার পরিবার তাকে জানালে তার প্রতি প্রচন্ড রাগ ও অক্রোশ তৈরী হয়। পরবর্তীতে সে পরিকল্পিতভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং ইউনুছের সাথে সখ্যতা তৈরী করে। সে সাপধরাসহ বিভিন্ন ধরনের কাজে ইউনুছকে সাথে নিয়ে যেত। এক পর্যায়ে ইউনুছ সোলায়মানকে জানায় যে, সে আরেকটি বিয়ে করতে চায় এবং তাকে পাত্রী দেখতে বলে। সোলায়মান হোসেন পাত্রী দেখার আশ্বাস দিয়ে যাই-যাচ্ছি বলে কালক্ষেপন করতে থাকে। গত ১৭ অক্টোবর তারিখ সকালে সোলায়মান হোসেন ভিকটিমকে জানায় যে, তারা সন্ধ্যায় পাত্রী দেখার জন্য যাবে এবং স্থানীয় একটি সেলুনে ভিকটিমের চুল-দাড়ি কাটিয়ে তার মনে বিশ্বাস তৈরী করে। পরবর্তীতে ১৭অক্টোবর দুপুরে সোলায়মান হোসেন স্থানীয় দোকান থেকে সেভেন আপ ও ইঁদুর মারা বিষ ক্রয় করে রাখে। রাত আনুমানিক সাড়ে ৯ টায়য় পাত্রী দেখতে যাওয়ার কথা বলে তাকে তুলাগাঁও টু জাফরাবাদ (মনিপুর) যাওয়ার রাস্তায় নির্জন স্থানে গিয়ে তাকে সেভেন আপের সাথে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাওয়ায় এবং রাস্তার পাশের খালের পানিতে ফেলে দেয়। তার মৃত্যুর বিষয়ে কেউ তাকে সন্দেহ করবেনা মনে করে সে তার নিজ বাড়িতেই অবস্থান করছিল। কিন্তু র‌্যাব সদস্যরা তার বাড়িতে গিয়েছে সংবাদ পেয়ে সে কয়েকদিন আত্মগোপনে থাকে এবং ২৩ অক্টোবর তারিখ গভীর রাতে পরিবারের সাথে দেখা করার জন্য এলাকায় প্রবেশ করলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে স্থানীয় সেলুনে ভিকটিমের চুল-দাড়ি কাটানো, সেভেন আপ ক্রয় এবং ইঁদুর মারার বিষ ক্রয় করার বিষয়ে সত্যতা পাওয়া যায়।উক্ত বিষয়ে আটককৃত আসামীকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। দায়িত্বপূর্ণ এলাকায় যেকোন হত্যাকান্ড প্রতিরোধ ও হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি