রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


তনু হত্যাকাণ্ডের ৬ মাস পার হলেও ঘাতক শনাক্ত হয়নি , নেই মামলার অগ্রগতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

2016_03_21_20_52_12_uugofhqcdmsptc4e9bvlbvaboofxiy_original
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের আজ ৬ মাস পূর্ণ হলো । কিন্তু এখনো হত্যার রহস্য উদ্ঘাটন এমনকি ঘাতকদের শনাক্ত করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা কুমিল্লা সিআইডি।
অনেকের মতে, তনুর হত্যাকান্ডের রহস্য এখন হিমাগারের পথে ধাবিত হচ্ছে। এদিকে মেয়ে হত্যার ঘাতকদের শনাক্ত বা গ্রেফতারে সিআইডির দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর পরিবার।
তনু হত্যাকান্ডের ৬ মাস পরেও আসামি শনাক্ত না হওয়া এবং দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনেও সুস্পষ্টভাবে হত্যার কারণ উল্লেখ না করে উল্টো মৃত্যুর আগে ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’ হয়েছে উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টিসহ তনুর চরিত্রহননের চেষ্টার বিষয়টিরও তখন তীব্র নিন্দা জানায় গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
তনুর মা আনোয়ারা বেগম জানান, ‘তনু হত্যার পর অনেকেই আমাদের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সবই নিছক শান্তনা ছিল। বিচার তো পাচ্ছি না। ৬ মাসেও কেউ গ্রেফতার হয়নি। উল্টো দ্বিতীয় ময়নাতদন্তকারী ডাক্তারদের প্রতিবেদনে আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। বার বার মামলার তদন্তকারী কর্মকর্তা বদলানো হচ্ছে, অনেককে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তদন্তের ফলাফল কী হলো এখনো জানি না। আমরা গরীব বলেই কি মেয়ে হত্যার বিচার পাবো না ? আমার মেয়ে হত্যার ৬ মাস পেরিয়ে গেলেও দোষীদের গ্রেফতার ও বিচার হচ্ছে না। অবিলম্বে ডিএনএ প্রতিবেদন অনুযায়ী তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১মার্চ কুমিল্লা মেডিকেল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস সহায়ক ইয়ার হোসেন। মামলার তদন্তভার দেয়া হয় কুমিল্লার ডিবি পুলিশকে। তদন্তের স্বার্থে কুমিল্লা ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপরই মামলার তদন্তভার দেয়া হয় কুমিল্লা সিআইডিতে।
গত ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ।
গত ১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রাণু পাওয়া যাওয়ার খবর সিআইডি প্রকাশ করে।
১২ জুন দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তনুর যৌন সম্পর্কের বিষয়ে আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়। তবে ধর্ষণ ও হত্যার বিষয়টি এবারও অস্পষ্টই রেখে দেয় ফরেনসিক বিভাগ। ২য় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে তনুর পরিবারসহ বিভিন্ন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তনুর পরিবার প্রথম ময়নাতদন্তের মতো ২য় ময়নাতদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করে। এরপর আরো প্রায় ৩ মাস কেটে গেল। কোন অগ্রগতি নেই বললেই চলে। পরে তদন্ত কর্মকর্তা গাজী ইব্রাহীমকে পরিবর্তন করে সিআইডির এডিশনাল এসপি জালাল উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি