ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
শিশু আরিয়ান, সবে মাত্র বয়স এক বছর পূর্ণ হল। সৌদিতে অবস্থানরত শিশু আরিয়ানের বাবা মোঃ আরিফ তার একমাত্র সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছিলেন। কিন্তু কর্মক্ষেত্রে অকাল মৃত্যু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে দেইনি আরিফকে। একমাত্র পুত্র সন্তানের চেহারা দেখা হল না দুর্ভাগা আরিফের।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের দাম্মামের জলদিয়া এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হন আরিফ। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১ টার দিকে বোরিংয়ের কাজে ব্যবহৃত মোটা পাইপের ভেতর থেকে আরিফের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা যায়।
নিহত মোঃ আরিফ কুমিল্লা মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। আরিফ ওই পরিবারের চতুর্থ সন্তান ।
নিহত আরিফের বাড়িতে এখন শোকাবহ পরিবেশ। ওই বাড়িতে স্বজনদের কান্নার রোল। আরিফের মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েছেন মা, ভাই-বোন ও স্বজনরা। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারের লোকজন জানায়, পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে জীবিকার তাগিদে আরিফ প্রায় ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তার উপার্জনের টাকায় মা, স্ত্রী রেহানা আক্তার ও এক বছরের একমাত্র সন্তানসহ ৮ সদস্যের পরিবারের সংসার চলতো। আরিফের আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
আরিফের স্ত্রী রেহানা আক্তার স্বামীর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। তাদের বৈবাহিক জীবনের ফসল শিশুপুত্র আরিয়ানের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় স্ত্রী রেহানা আক্তার। রেহানা আক্তার জানান, বাবার আদর তো দূরের কথা জীবিত বাবার মুখ দেখাটাও হল না আমার শিশুটির। পিতৃহারা এই শিশুটির কি হবে ভবিষ্যত।
পরিবারের সদস্যদের কান্নাকাটি দেখে শুধু তাকিয়ে থাকছে শিশু আরিয়ান । এখনো তার বোঝার ক্ষমতা হয়নি সে কান্নার পেছনে কি কারন। জানেনা তার জীবনে আর পাবে না বাবার আদর স্নেহ ও ভালবাসা।
নিহত পরিবারের সদস্যরা লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ।


















































