বিশ্ব রাজনীতিতে একক আধিপত্যের যুগ শেষ: পুতিন
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য চলবে না বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন।
পুতিন বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে সব দেশের সমান অধিকার ও মর্যাদা থাকা উচিত। ভারত ও চীনের মতো বৃহৎ রাষ্ট্রগুলোর নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইন রয়েছে। এসব দেশের নেতৃত্বকে শাস্তি দেওয়ার চেষ্টা করলে উল্টো রাজনৈতিক সংকট তৈরি হবে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমা বিশ্বকে উপনিবেশবাদী অতীতের কথা স্মরণ করিয়ে দেন। পুতিনের ভাষায়, একসময় বিভিন্ন দেশকে উপনিবেশবাদ ও সার্বভৌমত্ব খর্বের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন উপনিবেশ যুগ শেষ—তাই পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে, অংশীদারদের সঙ্গে আগের মতো ঔপনিবেশিক আচরণ করা যাবে না।
এমন সময়ে পুতিনের এই মন্তব্য আসে, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এ শুল্কের অর্ধেক ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে ‘শাস্তি’ হিসেবে আর বাকি অংশ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় বাণিজ্য ঘাটতি কমাতে চাপ প্রয়োগের জন্য ধার্য করা হয়।
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এ বিষয়ে ভারতের সমালোচনায় সরব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এসসিও শীর্ষ বৈঠককে ‘লজ্জাজনক’ আখ্যা দেন। নাভারোর অভিযোগ, রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কিনে যে অর্থ দিচ্ছে, তা ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করছে।
তিনি বলেন, মোদিকে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা হতাশাজনক। আমরা আশা করি, তিনি বুঝবেন তার জায়গা আমাদের সঙ্গে, রাশিয়ার সঙ্গে নয়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের ওপর হঠাৎ কঠোর শুল্ক চাপানো বড় ধাক্কা। তবে ভারত রাশিয়া থেকে তেল আমদানিকে বৈধ প্রতিরক্ষা হিসেবে তুলে ধরেছে এবং মার্কিন সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে দাবি করেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্পের আরোপিত এই দ্বিতীয় দফা শুল্ক কেবল ভারতের ওপরই পড়েছে। অথচ চীনও রাশিয়ার অন্যতম বৃহৎ তেল ক্রেতা।
সূত্র: এনডিটিভি


























































