থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন অনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের পার্লামেন্ট ব্যবসায়ী ও ধনকুবের অনুতিন চার্নভিরাকুলকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আদালতের রায়ে পদচ্যুত হওয়ার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই পরিবর্তন ঘটে। মাত্র দুই বছরের মধ্যে দেশটিতে এটি তৃতীয়বারের মতো নেতৃত্ব পরিবর্তন।
অনুতিনের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল ফিউ থাই জোট থেকে আলাদা হয়ে সংসদে প্রয়োজনীয় সমর্থন অর্জন করে ক্ষমতায় আসে। তবে এ পরিবর্তনের পরও থাইল্যান্ডের রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক বছরগুলোতে আদালতের রায় ও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একের পর এক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে।
এ পরিস্থিতি সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পরিবারটি থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে থাকসিনকে বহনকারী ব্যক্তিগত বিমান দেশ ছাড়ার পর তা থাইল্যান্ডে ব্যাপক আলোড়ন তোলে।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় থাকসিন জানান, তিনি চিকিৎসার জন্য দুবাই গেছেন। তবে আগামী ৯ সেপ্টেম্বর আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য দেশে ফিরবেন। ওই মামলায় তার আবারও কারাগারে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিনাওয়াত্রা পরিবারের জনমুখী নীতি অতীতে গ্রামীণ ও নিম্নআয়ের জনগণের বিপুল সমর্থন পেলেও তা রাজধানী ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী অভিজাতদের সঙ্গে সংঘাত তৈরি করে। থাকসিন ও তার বোন ইংলাক দুজনই প্রধানমন্ত্রী হলেও যথাক্রমে ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারান।
অনেকে পেতংতার্নের প্রধানমন্ত্রী হওয়াকে সিনাওয়াত্রাদের রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবে দেখেছিলেন। কিন্তু তার পদচ্যুতি আবারও প্রমাণ করল—থাইল্যান্ডের রক্ষণশীল ও রাজতন্ত্রী অভিজাতদের আস্থা পরিবারটি ফিরে পেতে ব্যর্থ হয়েছে।
সূত্র: বিবিসি




















































