কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা আক্তার ফাতেমা হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান ফটক ঘুরে কেন্দ্রীয় মসজিদের পাশের পাহাড়তলী সড়ক প্রদক্ষিণ করে তা পুনরায় গোলচত্বরেই শেষ হয়।
মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস যোগ দেন।
সুমাইয়ার সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “আমরা গতকাল রাতে সিদ্ধান্ত নিই প্রতীকী আন্দোলন করার। আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। শিক্ষকদের আলাদাভাবে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করিনি। যাদের মধ্যে মানবিকতা রয়েছে, তারা নিজেরাই এগিয়ে আসবেন। আমরা মনে করি তাদের নৈতিকতার ঘাটতি আছে—তারা এমনকি জানাজায়ও উপস্থিত ছিলেন না।”
আরেক সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, “পুলিশ এখনো তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময় জানায়নি। অনেক প্রশ্ন আমাদের অজানা থেকে গেছে। মামলাটি আদালতে পাঠানো হোক এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রকাশ পাক। চাইলে পুলিশ খুব দ্রুতই এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে।”
সুমাইয়া আফরিন রিনথি ও তার মায়ের হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মৌন মিছিল ছিল ন্যায়বিচারের দাবির প্রতীক। শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।


























































