আরিফ আজগর,বরুড়া ঃ
রাত প্রায় তখন পৌণে ৪ টা। ঝির ঝির বৃষ্টির নিঝুম ছন্দে মুখরিত চারপাশ। সৃষ্টির প্রতিটি প্রাণি তখন মগ্ন অঘোর ঘুমে। ঠিক তখন’ই বিকট এক শব্দে ঘুমের ঘোর কাটে ঘুমে ঘোর মানুষের। ছোটবড় প্রতিটি মানুষের বুকে কম্পন নামের বিকট আওয়াজে। আতঙ্কিত মন নিয়ে ঘর ছেড়ে বাহিরে বেরুতেই চর্তুদিকে আলোর ঝলমল আর প্রকৃতি মিশে গেছে পোড়ার এক খা খা গন্ধে। ঠিক ধারনা করা যাচ্ছিল না কিসের আলো, কিসেরই বা গন্ধে মুখরিত হল বাতাস। বিষয়টা ষ্পষ্ট হবার আগে শুরু হল মানুষের হৈ চৈ, সকলের মুখে একই শব্দ আগুন-আগুন। দিনমজুর দেলোয়ারের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষজন সব বালতি, জগ ইত্যাদি নিয়ে পানি ঢালছে আগুন নিয়ন্ত্রণ করতে। উপর থেকে অবিরাম বৃষ্টি’তো ঝরছিলই। তবুও রক্ষা করা গেলনা দেলোয়ারে ঘরটি। প্রতিবেদকের কাছে এসব বলতে বলতে চোখের পানি ছাড়লেন ষাটোর্ধ্ব বৃদ্ধ জব্বার মিয়া।
গত ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে বরুড়ার নব গঠিত ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে ঘটেছে মর্মাহত এই ঘটনা। ভয়াবহ বজ্রে পুড়ে গেছে দিনমজুর দেলোয়ার হোসেনের অতি কষ্টে তৈরি করা টিনের ঘরটি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ বজ্রপাত পড়ে দেলোয়ারের ঘরে। আশে পশে অন্তত ২০-২৫টি গ্রামে বিকট শব্দ হয় এই বজ্রের। সকলের মতই দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে স্বস্ত্রীক ঘুমিয়েছিলেন দেলোয়ার। ঘরে ঘুমন্ত ৫ জনের কোন ধরনের ক্ষয় ক্ষতি না হলেও জ্বলে ছাই হয়ে গেছে ঘর এবং তার ভেতরের বহু কষ্টে অর্জিত আসবাবপত্র যার ক্ষতির পরিমাণ প্রায় ৬/৭ লক্ষ টাকার মত বলে ধারনা করছে এলাকার মানুষ। দাড়িয়ে আছে শুধু ঘরে খুটি দেওয়া পাকা পিলার গুলো আর বাকী সবগুলো পুড়ে গেছে।
শুধু বসতি ঘর’ই নয় পুড়ে গেছে পাকঘর এবং বাড়ির আঙ্গিনার চারপাশের গাছপালা। অতি কষ্টে নির্মাণ করা ঘর আর তার ভিতরের আসবাবপত্র হারানোর শোকে নির্বাক হয়ে গেছে দেলোয়ার।
বরুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল খালেক চৌধুরী, ভাউকসার ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমন অপ্রত্যাশিত ঘটনা দেখার জন্য দলে দলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। এমন অস্বাভাবিক ঘটনার আতঙ্ক বিরাজ করছে আশে পাশের গ্রামের মানুষ জনের মধ্যে।




















































